রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিদাঘের অন্তঃপুরে

ওয়াসীম ফিরোজ

🕒 প্রকাশ: ১২:২৭ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

#

দুপুরের শিরায় শিরায় জমে থাকে দগ্ধ নীলিমা—

রৌদ্রের অভ্যন্তর থেকে কে যেন অবিরাম ডেকে যায় বিস্মৃত কোনো নাম,

তারপর ঘ্রাণহীন বাতাসে ভেসে যায় শৈশবের আধেক দরজা,

আধেক উঠোন—আধেক না-ফেরা মানুষের মুখ!


মাটির নিম্নদেশে আজও ঘুমিয়ে আছে প্রাচীন কোনো জল;

তাকে জাগাতে গেলে উঠে আসে কর্দমাক্ত স্মৃতি,

জীর্ণ কুয়ার গহ্বর থেকে একে একে উড়ে যায় কালো পাখির মতো

অসংখ্য প্রতিধ্বনি—

যাদের কোনো জন্ম নেই, অথচ মৃত্যুর প্রতি প্রবল আকর্ষণ।


বিকেলের ক্ষয়িষ্ণু আলোয়

শরীরের ভেতর যে অনামা স্যানিটোরিয়াম,

তার প্রতিটি জানালায় ধুলো; প্রতিটি শয্যায়

একটি করে অব্যক্ত শোক শুয়ে থাকে—

শ্বাস নেয়, চোখ খোলে, আবার নিজেকেই ভুলে যায়।


হে প্রাচীন বিষাদ,

তুমি কি সেই পথের পাশে এখনও দাঁড়িয়ে আছো

যেখানে একদিন বৃষ্টির আগে মাটির গন্ধে

আমরা ভবিষ্যৎ বলে ভুল করেছিলাম?


এসো—

এই দগ্ধ দুপুরের অবশিষ্ট ছায়াটুকু ভাগ করে নিই।

রৌদ্রের অন্তঃস্থলে যে শীতল অন্ধকার জন্ম নেয়,

সেখানে হয়তো আজও

একটি হারানো শৈশব

নিদ্রাহীন ফুলের মতো অপেক্ষা করে আছে।

কবিতা

লেখাটি শেয়ার করুন

Footer Top