রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিটুইটারি গ্রাম

সাজ্জাদ সাঈফ

🕒 প্রকাশ: ১২:৩৯ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

#

আলো যায়, আলো পড়ে 

ভূগোলের কিনারায়; তুমি 

আসো,তুমি যাও,থেকে

যাও পিটুইটারি গ্রামে; 

প্রেমে,বিস্মরণে,প্রেমহীন 

ভনিতায় সাবলীল!


সমস্ত বৈঠার ফাটল, বুকের

জখম ঢেকে আমাকে স্বপ্ন 

দেখতে হয়,স্নায়বিক 

সচল থাকতে হয় ভীড়ে।


এত ফুল এত ঘাসফড়িঙের 

ভীড় তবু কোনো সুরভি

অশেষ নাই হৃদয় 

মোকামে,সবদিক আলো 

করে জেগে থাকে বদর 

প্রান্তর বুকে!


প্রেম থেকে সম্পর্কের 

বর্ণমালা শিখেছি। বিরহ 

থেকে শিখেছি ছন্দপতন 

আর উপেক্ষার কৌশল। 


কিছুই জানলে না এসবের। 

সিন্ধু হতে হরপ্পা। গাঙ্গেয় 

অববাহিকা। বর্গীর

উৎপাত। মুর্শিদকুলি খা। 

ঔরঙ্গজেব। কিছুই জানলে 

না এর।


বাচ্চাদের পেলে পুষে 

প্যাটিস বানিয়ে দিন

কাটছে তোমার। জায়গাটি

মেরিকা,আর বলো 

প্যাটিসের নিজের কোনো 

ইতিহাস নাই?

কবিতা

লেখাটি শেয়ার করুন

Footer Top