শনিবার, ৩০শে মে ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কন্যার নাম রামিসা

সাজ্জাদ সাঈফ

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ২৩শে মে ২০২৬

#

কন্যার নাম রামিসা ********************* প্রতি রাতে স্বপ্ন মিথ্যা বলে, যে-রকম স্বল্প আলোয় জীবন পথ ঘুরতেই ছোবল খাচ্ছে সাপের, এ জীবন বর্ণচোরা; সীমাহীন ঘৃণা বিভাময় কার্পাসতলে থেঁতলে যেতে দেখে বুকে পোষে করাতকল, উদ্ধত গান- আর যে শীতল যে অভিমান সারে মুচকী হাসিতে ক্ষোভের দরিয়া বয়ে চলে জায়নামাজে ডুমুর দানারা পড়ে আছে সেই পথে, একদৃষ্টে; যেন চোখ তার বাইনোকুলার, তার পাপ রক্তমুদ্রিত; তার অপাপস্নিগ্ধ কন্যার নাম রামিসা, ছিন্নমুণ্ড ও ধর্ষিতা! প্রতি রাতে মিথ্যুক স্বপ্নের সাথে বাহাস করছে বাংলাদেশ!


===============================================

হরফে আগুন চাই ********************* চাঁদ নাই, আলো নাই, ব্যথিত আঁধার খেলে বাংলাদেশের সমাজ আর শিশুদের খোলা দিলে; ভেবে দেখো কবরের গায়ে মুথা ঘাসগুলি কাতর কতটা পেয়ে ধর্ষিতা নিথর লাশগুলি! আছো কেউ আলো হাতে দাঁড়িয়ে পড়বে ক্রোধে? ছিন্নমস্তক শিশুর চোখে পিশাচের হাসিমুখ বিনাশ করবে অত তেজময় কে স্বভাবে? বিকৃত অসুখে খাবে খুবলে রাষ্ট্রের বুক! চাঁদ নাই, আলো নাই, দিশা কার কাছে পাই? কিতাবে হরফ আছে, হরফে আগুন চাই।

কবিতা

লেখাটি শেয়ার করুন

Footer Top