মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রিগ্যান এসকান্দারের ৫টি প্রেমের কবিতা

রিগ্যান এসকান্দার

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

#

রিগ্যান এসকান্দারের ৫টি প্রেমের কবিতা

⭕ বর্ষাকাল

----------------------------------

বিশ্বাস করুন, ঘটনাটা মেঘের মতোই মিথ্যা। 

মেয়েটির বাড়ি ছিল তখন বৃষ্টিপাড়ায়

আর আমি ছিলাম আবহাওয়া দপ্তরের কেরানি।

একদিন অফিস যাওয়ার পথে ভিজে যাচ্ছিলাম

মেয়েটি আমাকে একটি ছাতা ধার দিয়েছিল।

স্রেফ এটুকুই। 

তবুও মানুষ বুঝে ফেলেছিল-

ছাতা হাতে আবহাওয়া অফিসের দিকে হেঁটে যাচ্ছে

একটি টইটুম্বুর বর্ষাকাল।

 

⭕ আউলিয়া

----------------------------

জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে নিরুদ্দেশ হলেন আউলিয়া

—এই কথা বলে আম্মা আমার দিকে তাকাল।

আম্মা এ গল্পে বিশ্বাস রাখে

আম্মা জানে, আউলিয়াদের সেই ক্ষমতা আছে।

আমিও এই গল্পে বিশ্বাস রাখি

আমি জানি, জলের সে সক্ষমতা আছে।

জল সব কিছুই ডোবায় না, ভাসায়ও তো।

জল অবিশ্বাস্য আরও অনেক কিছুই পারে।

চোখের জলের কথা মনে পড়ে গেল

এক প্রেমিক নিরুদ্দেশ হয়েছিল আউলিয়ার মতো।


⭕ পরাগায়ন 

----------------------------------

ফুলের হয়েছে এপেন্ডিসাইটিস।

অপারেশন করবে ডাক্তার প্রজাপতি,

তাকে খুঁজেই পাচ্ছি না।

তিনি গেছেন বনে বনে,

শুনেছি, চরিত্রে কিঞ্চিত দোষ আছে।

প্লিজ ডাক্তার, তাড়াতাড়ি আসুন,

পাপড়ির পেটে দারুণ ব্যথা।


⭕ প্রমাণ 

-------------------------------

ঈশ্বর যখন বললেন,

এত এত অবদান থাকা সত্ত্বেও 

আমাকে কীভাবে 

অস্বীকার করা যায়!

আমি তখন আমার

সেই সব প্রাক্তন প্রেমিকাদের 

দেখিয়ে দিলাম, 

যারা একদা ভালো না বেসে

আমাকে অস্বীকার করে চলে গেছে।

 

⭕ ঠাট্টা 

------------------------------

হেঁটে চলেছি,

হঠাৎ হাসির শব্দ কানে এল।

ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি —

পথের পাশে ফুলের দোকান।

লাল ফুল

নীল ফুল

হলুদ ফুল

ব্যর্থ প্রেমিক দেখলে

রঙিন ফুলেরাও ঠাট্টা করে,

নিজেদের মাঝে হাসাহাসি করে।

কবিতা

লেখাটি শেয়ার করুন

Footer Top